সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৬৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আটজন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬৫ জন। এদের মধ্যে সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। আক্রান্ত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিসিইউতে রাখা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। 

ডা. সাইদুজ্জামান আরও জানান, হাসপাতালে ডেঙ্গু ছাড়াও অনেক গুরুতর রোগী চিকিৎসাধীন আছেন। অন্য রোগীদের সঙ্গে ডেঙ্গু রোগীদের রাখায় অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সব ধরনের ঝুঁকি এড়াতে আমরা ডেঙ্গু রোগীদের আলাদা দুটি ওয়ার্ডে রাখার কথা ভাবছি।

ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, বিনা পয়সায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষার নির্দেশনা এখনও আমরা পাইনি। তাছাড়া পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ এখনও পাওয়া যায়নি। তাই সব ধরনের পরীক্ষা করা যাচ্ছে না।

আরও পড়ুন: চন্দনাইশে দুইজন ডেঙ্গু আক্রান্ত

হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সাংবাদিকরা ডেঙ্গু রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।

অপরদিকে আমাদের পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাজারদেহা গ্রামের আকিম উদ্দিনের ছেলে সবুজ (২৭) নামে এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
 
সবুজের বাবা আকিম উদ্দিন জানান, গাজীপুরের আশুলিয়ার এক বেকারিতে কাজ করতো তার ছেলে। সেখানেই রবিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সে চিকিৎসা নেয়। একটু সুস্থ হলে বাড়ি এসে বুধবার আবারও অসুস্থ হলে তাকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসমাউল জানান,  তার রক্ত পরীক্ষায় দেখা যায় প্লাটিলেট ও ডব্লিউবিসি সুস্থ মানুষের চেয়ে অনেক কম। এতে বোঝা যায় তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। 

এছাড়া স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুইজন পুরুষ ও একজন মহিলা রোগী গত এক সপ্তাহ ধরে ২/১ দিন পরপর রক্ত পরীক্ষা করাচ্ছেন। 

ইত্তেফাক/অনি