কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রথম ফেরদৌস আহমেদ

কৃষিভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেন। এরপর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা–সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৩ দশমিক ৭৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ফেরদৌস আহমেদ। ভর্তি পরীক্ষার কাট–মার্ক নির্ধারণ করা হয়েছে ৫১ দশমিক ২৫। প্রকাশিত প্রথম অপেক্ষমাণ তালিকায় স্থান পেয়েছেন মোট ৭ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ বছর ভর্তি পরীক্ষায় ৮৮ হাজার ২২৮ পরীক্ষার্থী আবেদন করেন। যার মধ্যে ৯১.০৪ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এটি কৃষি গুচ্ছের এ যাবতকালের সর্বোচ্চ উপস্থিতি। এর আগে কৃষিগুচ্ছের কোনো পরীক্ষায় এত শিক্ষার্থী উপস্থিত ছিল না।

চলতি বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে। নয়টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন ছিল ৩ হাজার ৭০১টি। এসব আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব ধরনের সমন্বয়ের দায়িত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।