‘৯ বছর পর নাটকটির সিক্যুয়েল করছি’

নির্মাতা রেদওয়ান রনি। এক সময় নাটকের মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা পেলেও এখন আর ছোটপর্দায় খুব একটা দেখা যায় না তাঁকে। ক্যারিয়ারে জমা পড়েছে দুটি সিনেমা। সবগুলোই বেশ প্রশংসিত। এরপর বিজ্ঞাপন নিয়ে চলে তাঁর মূল ব্যস্ততা। তাই প্রিয় এই নির্মাতার নাটক বা সিনেমা ভক্তরা দেখেনি অনেকদিন। সেই বিরতি কাটতে যাচ্ছে এবার। কোরবানির ঈদে প্রচার হবে তাঁর বিশেষ ধারাবাহিক নাটক। ‘বিহাইন্ড দ্য সিন’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেন রনি। ৭ পর্বের এই ধারাবাহিক নাটকটি বেশ জনপ্রিয়তাও পায়। এবার সেই ধারাবাহিকের সিক্যুয়েল নির্মাণ করছেন এই নির্মাতা। ‘বিহাইন্ড দ্য পাপ্পি’ শিরোনামে এই নাটকটির মূল দুই চরিত্রে এবারো অভিনয় করছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। এ প্রসঙ্গে রনি বলেন, ‘৯ বছর পর নাটকটি সিক্যুয়েল করছি। গত ঈদে বিজ্ঞাপন ব্যস্ততার কারণে করা হয়নি। এবার অন্য ব্যস্ততার মাঝেও কাজটি করছি। ঈদের কাজগুলো সাধারণত একটু সময় নিয়ে করতে হয়। তাই এর আগে তাড়াহুড়ো নিয়ে করতে চাইনি। এবার সবকিছু ঠিক রেখেই কাজটি শুরু করবো। আমাদের নাটকের সংখ্যা এখন বেড়েছে। আশা করি এই নাটকটি দর্শকদের ঈদে বাড়তি আনন্দ যোগ করবে।’

ঢাকা ও কুমিল্লায় নাটকটির শুটিং শুরু হয়েছে। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। ঈদের ৭ দিন এনটিভিতে ধারাবাহিকটি প্রচার হবে। নাটকটিতে আরো অভিনয় করছেন সুমন পাটোয়ারি, মুকিত জাকারিয়া, জুঁই করিম, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদসহ অনেকে।