কণ্ঠশিল্পী নুসরাত জাহান কৃতি। দেশের পাশাপাশি বিদেশেও স্টেজ শো নিয়ে চলছে তাঁর ব্যস্ততা। ঈদকে কেন্দ্র করে সেই ব্যস্ততা বাড়ছে নিয়মিত। এবার ঈদেও বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। পাশাপাশি নিজের একক গান ও একটি বিশেষ অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন তিনি। সেপ্টেম্বরে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। আর এ উপলক্ষে তাঁর জনপ্রিয় গানগুলো দিয়ে কাভার অ্যালবাম করবেন কৃতি। মোট ১০টি গান নিয়ে সাজানো হবে এই অ্যালবামটি। ঈদের পরেই এ নিয়ে কাজ শুরু করবেন তিনি।
কৃতি বলেন, ‘লতা মঙ্গেশকরের আমি একজন অন্ধ ভক্ত। তাঁর গান শুনে গান করার স্পৃহা আরো বেশি করে পাই। প্রিয় এই সংগীতশিল্পীর জন্মদিন সেপ্টেম্বরে। তাই তাঁকে উত্সর্গ করে তাঁর ১০টি জনপ্রিয় গান কাভার করবো। যেগুলো দিয়ে একটি অ্যালবাম করবো। তা নিয়েই এখন ব্যস্ত আছি।’
নিজের একক গান প্রসঙ্গে কৃতি আরো বলেন, ‘দুটি একক গান নিয়ে কাজ চলছে। সেগুলো ঈদের পর রিলিজ দেবো।’