ঈদের আগেই গাইবান্ধায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে ................................রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গাইবান্ধায় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার আগেই গাইবান্ধার ক্ষতিগ্রস্ত রেল লাইন সংস্কার করে ঈদে ঘরমুখো মানুষের চলাচল স্বাভাবিক করার নির্দেশনা দিয়েছেন। তাই দ্রুত ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়েছে। নতুন করে প্রাকৃতিক দুর্যোগ যদি আর না দেখা দেয় তাহলে আগামী ৮ আগস্টের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে এবং রেল যাত্রীরা ঈদ যাত্রায় স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

বাঁধভাঙা বন্যার পানির তোড়ে গাইবান্ধার ক্ষতিগ্রস্ত রেলপথ শুক্রবার দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে গাইবান্ধার বাদিয়াখালি রেল স্টেশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাদ গাওহারী, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বন্যায় সান্তাহার-লালমনিরহাট রেল রুটের গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া জংশন পর্যন্ত এক হাজার ফুট রেল লাইনের নিচের মাটি ও পাথর বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এসব এলাকায় ঝুলে আছে রেললাইন। এছাড়া আরো একাধিক স্থানে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে এবং তাতে বন্যার পানি জমে আছে। ফলে গত ১৭ জুলাই বুধবার থেকে একটানা ১৭ দিন যাবত্ এই রুটে রাজধানী ঢাকার সাথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরসহ উত্তরাঞ্চলের রেল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।