ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে সান্তাহার-বোনারপাড়া রুটে চলাচলরত কলেজ ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর শেষ বগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া রেল স্টেশনে পৌঁছায়। তখন ট্রেনের বগিগুলো পরিষ্কার করছিল রেলওয়ের ঝাড়ুদাররা। এক পর্যায়ে তারা শেষ বগিতে মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান।

তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।