২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন হয়েছিল। এরপর এডহক কমিটি দায়িত্ব নিয়েছিল ২০১৭ সালে। সেটাও প্রায় দুই বছর কেটে গেছে।
অবশেষে আবার অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাচন হতে যাচ্ছে আজ। সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী হলেন আগের কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বতর্মান এডহক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাহাদ হোসেন সোহেল। পাঁচটি সহ সভাপতি পদ ছাড়াও যুগ্মসম্পাদক এবং ১৮টি সদস্য পদে ২৪ জন প্রার্থী লড়াই করছেন।
প্রার্থীদের মুখে এখন অ্যাথলেটিকসের উন্নয়নের কথা। যে কোনো নির্বাচনের আগে প্রার্থীরা যেভাবে উন্নয়নের কথা বলেন ঠিক সেভাবেই এই নির্বাচনেও উন্নয়নের কথা ছাড়া আর কোনো শব্দ নেই।
অ্যাথলেটিকস হচ্ছে মাদার অব গেম। অলিম্পিক গেমসে অ্যাথলেটিকস হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ডিসিপ্লিন। যেকোনো দেশের খেলাধুলার উন্নয়নের পেছনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে অ্যাথলেটিকস। একজন ক্রীড়াবিদ নিজেকে গড়ে তোলার সহজ মাধ্যমই হচ্ছে অ্যাথলেটিকস।
অথচ এই খেলাটি দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে অবহেলিত। যখন ঘাসের মাঠে অ্যাথলেটিকস হতো তখন জৌলুস ছিল। দক্ষিণ এশিয়ায় সোনার পদক জয় করে অ্যাথলেটিকসকে আকাশ ছোঁয়া উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শাহআলম। হাজার হাজার দর্শক মাঠে ভিড় করত খেলা দেখার জন্য।
তিন যুগ পর সেই জৌলুস এখন বিবর্ণ চেহারায় রূপ নিয়েছে। দেশের অ্যাথলেটিকসের জন্য সংশ্লিষ্টরা জীবন দিয়ে দেন নির্বাচনের সময়। কিন্তু মসনদে বসে গেলে সবকিছু ভুলে যান। যারা নির্বাচিত হতে পারেন না তারা সবকিছু বাঁকা নজরে দেখেন। আর যখন ক্ষমতায় বসেন তারা পেছনের শত্রুর জন্য কাজ করতে পারেন না, অর্থাভাবে কাজ করতে পারেন না—নানা কথার সুর লেগেই থাকে।
নামকাওয়াস্তে নির্ধারিত কিছু আয়োজন করেই দায়িত্ব শেষ করতে চান সংগঠকরা। ট্যাক এন্ড ফিল্ডের অ্যাথলেটরা এমন ছবি দেখতে চান না। দেশে অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে। অনুশীলনের ব্যবস্থা রয়েছে। বিকেএসপি অ্যাথলেটিকসে ক্রীড়াবিদ যোগান দিয়ে আসছে। অ্যাথলেটিকসে অনেক সংকট রয়েছে।
সবচেয়ে বড়ো সমস্যা নিজেদের মধ্যে কলহ। তবে অনেকেই বলছেন এডহক কমিটি আগের চেয়ে অনেক বেশি কাজ করেছে। সভাপতি আলী কবীরের নেতৃেত্বে আর্থিক সচ্ছলতা আনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন হতে নিষেধাজ্ঞা মুক্ত হয়েছে বাংলাদেশ। এডহক কমিটির আগের সময়টায় আন্তর্জাতিক অ্যাথলেটিকস অঙ্গন হতে বাংলাদেশ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।
সেখান থেকে মুক্ত হয়ে দেশের অ্যাথলেটিকস আলোর পথে হাঁটতে শুরু করে। আন্তর্জাতিক অ্যাথলেটিকসের কর্মকর্তারা বাংলাদেশে এসে দেখে গেছেন কাজের অগ্রগতি। এডহক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুর মূল প্রতিদ্বন্দ্বী আগের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।
তবে, নির্বাচনী লড়াই যেমনই হোক ক্রীড়াবিদরা চান ফেডারেশন যেন বছর জুড়ে কার্যক্রমে আলোকিত থাকে। ক্রীড়াবিদরা চান চার বছর মেয়াদের জন্য যারাই মসনদে বসুক, তারা এমন কিছু পদক্ষেপ নেবেন যেন বাংলাদেশ আবার দক্ষিণ এশিয়ার অ্যাথলেটিকসে মাথা উঁচু করা পারফরম্যান্স করতে পারে।