অ্যাশেজ ইংল্যান্ডের পালটা জবাব

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনটা নিজের করে নিয়েছিলেন স্টিভেন স্মিথ। তার বীরত্বে বলার মতো স্কোর পেয়েছে অস্ট্রেলিয়া। জবাবে আগের দিনই ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড গতকাল ভালোই জবাব দিচ্ছিলো। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৮৭ রান তুলেছে তারা ১ উইকেট হারিয়ে। ৫৫ রানে ব্যাট করছেন ররি বার্নস।

অ্যাশেজের শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিলো ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের অসাধারণ বোলিংয়ে মহাবিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। কিছু বিতর্কিত আম্পায়ারিং ও দারুণ বোলিংয়ের সামনে পড়ে সফরকারী অস্ট্রেলিয়া একসময় ১২২ রান তুলতে ৮ উইকেট হারিয়ে ফেলে। এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের এই যাওয়া আসা দেখছিলেন সাবেক অধিনায়ক স্মিথ। প্রায় ১৫ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামা স্মিথ দলের ৮ উইকেট হারিয়ে যাওয়ার পর দুটো মহামূল্যবান জুটি করেন শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে। পিটার সিডলের সঙ্গে ৮৮ রানের জুটি করেন স্মিথ। সিডল ৪৪ রানের এক ইনিংস খেলে আউট হন। এরপর নাথান লায়নের সঙ্গে আরো ৭৪ রান স্কোর বোর্ডে যোগ করেন স্মিথ। লায়ন ১২ রান করে অপরাজিত ছিলেন। আর স্মিথকে ১৪৪ রানে আউট করে প্রতিরোধ ভাঙেন ব্রড। তিনি নিয়েছেন ৫ উইকেট।