ইত্তেফাক রিপোর্ট
সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রতিশ্রুতি রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ‘ধর্ষণ ও যৌন হয়রানি মানবতার বিরুদ্ধে অপরাধ’ শ্লোগানকে সামনে রেখে পরিষদ এ বছর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছে। এই উপলক্ষে গতকাল বুধবার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বলা হয়, নারীর প্রতি সহিংসতা শুধু প্রতিরোধ নয়, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য ব্যবস্থা নিতে হবে। তরুণ সমাজকে এজন্য এগিয়ে আসতে হবে। পরিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা বেগম এবং পরিচালক লিগ্যাল এডভোকেসি অ্যাড. মাকছুদা আক্তার লাইলী। মানববন্ধনটি পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের এডভোকেসি এন্ড লবি পরিচালক জনা গোস্বামী।
আয়শা খানম বলেন, আজ আমরা অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতি লাভ করেছি, যেখানে নারীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের দেশের নারীরা আজ শিক্ষার ক্ষেত্রে, খেলাধুলায়, জাতিসংঘ মিশনে দক্ষতার সাথে ভূমিকা পালন করে চলেছে। ঝুঁকিপূর্ণ কাজে নারীরা দক্ষতার সাথে, সততার সাথে, দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করছে। কিন্তু এই উন্নয়নচিত্রের পাশাপাশি নারী নির্যাতনের চিত্র, নারীর প্রতি সহিংসতার চিত্র ভয়াবহ। যানবাহন, কর্মক্ষেত্রে, পরিবারে নারীরা সহিংসতার শিকার হচ্ছে।
মালেকা বানু বলেন ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি থাকা সত্ত্বেও নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। তিনি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণের আহ্বান জানান সকলের প্রতি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফওজিয়া মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, রোকেয়া সম্পাদক নাসরিন মনসুর প্রমুখ।