নিষিদ্ধঘোষিত হংকং স্বাধীনতা দলের নেতা চান গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত হংকং স্বাধীনতা দলের প্রতিষ্ঠাতা অ্যান্ডি চানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানস্থল থেকে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। শুক্রবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন। হংকংয়ে সপ্তাহের পর সপ্তাহ ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শা টিন জেলার একটি শিল্পপ্রতিষ্ঠান থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাত পুরুষ ও এক নারী রয়েছে। লাইসেন্সবিহীন অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

 বিবৃতিতে গ্রেফতারকৃতদের পরিচয় জানানো হয়নি। তবে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে স্বাধীনতা কর্মী অ্যান্ডি চান রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ঐ সূত্র জানায়, অ্যান্ডি চানকে পেট্রল বোমাসহ ঐ শিল্প প্রতিষ্ঠানের ভিতর থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা হুমকির অজুহাতে গত বছর চানের স্বাধীনতা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৯৭ সালের পর হংকংয়ে প্রথমবারের মতো কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।