বিপিএলের দ্বিতীয় ম্যাচও স্থগিত, বৈঠকে কোয়াব-বিসিবি 

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করায় বিপিএলের ঢাকা পর্বের দিনের প্রথম ম্যাচ বয়কট করেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচও ক্রিকেটারদের বয়কটের কারণে খেলা মাঠে গড়ায়নি। এ দিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে বৈঠকে বসছে বিসিবি।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম খেলা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

নাজমুল ইসলাম পদত্যাগ না করায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। এতে করে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ায়নি। 

সংকট নিরসনে কোয়াবের সঙ্গে বৈঠকে বসেছে বিসিবি। এর আগে বিসিবি অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিচালক এম নাজমুল ইসলামকে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।