সায়েন্স ল্যাব মোড় অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর, আহত ২ শিক্ষার্থী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে সাত কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (তারিখ) দুপুর পৌনে ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে দুপুর আড়াইটার দিকে অবরোধে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ভাঙচুর চালানো হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, “‘অর্জন’ নামের বাসটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে দুটি জানালার কাচ ভেঙে যায় এবং বাসের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আমাদের দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন।”

তিনি আরও বলেন, “বাসটি হাজারীবাগে অবস্থিত লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রুটে শিক্ষার্থী আনা–নেওয়া করছিল। দুপুরের ট্রিপ চলাকালে সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের ভাঙচুরের শিকার হয়। বর্তমানে বাসটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রাখা হয়েছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অবরোধে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটিকে ঘিরে দুই পক্ষের তরুণদের মধ্যে হুড়োহুড়ি ও হাতাহাতি হচ্ছে। একপর্যায়ে বাসটিকে ধাওয়া করা হয়, ইটপাটকেল ও জুতা ছোড়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক কামরুল ইসলাম বলেন, “বাসের পেছনের গ্লাস পুরোপুরি ভেঙে গেছে। দরজা ও বাইরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা মবের মধ্যে পড়ে গিয়েছিল, তখন আমাদের কিছু করার ছিল না।”

ভাঙচুরের শিকার বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম ফেসবুকে লেখেন, “ঢাকা কলেজের সামনে তিন–চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আটকে রাখা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বাসটি উদ্ধার করতে গেলে সেখানে ইটপাটকেল ছোড়া হয়।”

ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুকে লেখেন, “আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও বাস ভাঙচুর চালানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।