রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে গড়ে ওঠা ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউক জোন–২/২-এর আওতাধীন বিভিন্ন স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকশা বহির্ভূতভাবে নির্মিত একাধিক ভবনের অবৈধ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি বারোটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবন মালিকরা অবৈধ নির্মাণ কার্যক্রম চালিয়ে যেতে না পারেন।
এ সময় সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, রাজউকের উচ্ছেদ অভিযান নিয়মিত ও চলমান থাকবে। অনুমোদিত নকশা লঙ্ঘন করে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, নকশা বহির্ভূত ভবন নগর সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।
তিনি ভবন মালিকদের উদ্দেশে বলেন, রাজউকের অনুমোদন ছাড়া বা নির্ধারিত নকশার বাইরে কোনো নির্মাণ কার্যক্রম গ্রহণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে রাজউক জোন–২/২-এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক নাজমুল আহসানসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক ও রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।