অবশেষে সংস্কার হলো কামারখন্দ-বেলকুচি সড়কের ভাঙা অংশ। গত ১৯ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘কামারখন্দ-বেলকুচি সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে স্থানীয় প্রশাসন ও উপজেলা এলজিইডি অফিসের। সংবাদটি প্রকাশের পর মাত্র ১০ দিনের মধ্যে লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কের ভাঙা অংশটি মেরামত করা হয়। এতে করে জনমনে স্বস্তি ফিরেছে।
কামারখন্দ উপজেলা প্রকৌশলী এস এম সানজিদ হোসেন জানান, পত্রিকায় সংবাদটি দেখার পর আমাদের এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে সড়কটি সংস্কার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দৈনিক ইত্তেফাকে সংবাদটি দেখার পর এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার নির্দেশে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে খুব অল্প সময়ে সড়কটি মেরামত করা হয়েছে।