২৩২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে গেছে পাকিস্তানের করাচিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে সুই নর্দানকে (এসএনজিপিএল) ৪০ রানের টার্গেট দেয় পাকিস্তান টিভি (পিটিভি) ক্রিকেট দল। জবাবে মাত্র ৩৭ রানে অলআউট হয় সুই এসএনজিপিএল। এতে ২ রানের জয় পায় পিটিভি।
শনিবার (১৭ জানুয়ারি) করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতায় এমন বিশ্ব রেকর্ড গড়া জয় পেয়েছে পিটিভি। এর আগে ১৭৯৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বনিম্ন ৪১ রানের টার্গেট দিয়েও জয়ের রেকর্ড দেখা গিয়েছিল। ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় লর্ডস ওল্ড গ্রাউন্ডে ওল্ডফিল্ড ৪১ রানের লক্ষ্য দিয়েও এমসিসিকে হারিয়েছিল। পিটিভির এমন জয়ে ভেঙে গেছে ২৩২ বছরের পুরোনো রেকর্ড।
প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতার চলমান আসরে এটি সবচেয়ে লো স্কোরিং ও দ্রুততম ম্যাচ। যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পিটিভি ১৬৬ রানে অলআউট হয়।
পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ এসএনজিপিএলেরও নেতৃত্বে আছেন। পিটিভির ১৬৬ রানের জবাবে সাইফুল্লাহ বাঙ্গাসের ফিফটিতে ভর করে তারা ২৩৮ রান তোলে এসএনজিপিএলে। এতে ৭২ রানের লিড পায় শান মাসুদের দল।
৭২ রানে পিছিয়ে থেকে পিটিভি দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে। এবার তারা বিপর্যয়ে পড়ে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ফলে এসএনজিপিএলে লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৪০ রানের।
ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে সাইফুল্লাহ বাদে দলটির আর কেউই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। ফলে অলআউট হয় মাত্র ৩৭ রানে। পিটিভির হয়ে মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন আলি উসমান।