তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। পুলিশ ময়নুল ইসলাম নামের এক কসমেটিক দোকানের কর্মচারীকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়। ময়নুল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার ওই কিশোরী বাড়িতে একাই ছিল। এ সুযোগে তারাগঞ্জ সদর হাট-বাজারের কসমেটিক দোকানের কর্মচারী ময়নুল ইসলাম রাত প্রায় ১০টায় কিশোরীর বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ময়নুল জুতা ও শার্ট রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরী নিজে বাদী হয়ে বৃহস্পতিবার তারাগঞ্জ থানায় মামলা করে।