বার্ডের সঙ্গে কুবির সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মাঝে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার বার্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বার্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. এম মিজানুর রহমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

চুক্তি স্বাক্ষর সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিত্ চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান প্রমুখ।

দ্বি-পাক্ষিক এই চুক্তির মাধ্যমে বার্ডের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন সেমিনার, গবেষণা ও প্রশিক্ষণের আয়োজন করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ডে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি সেখানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।