বগুড়া শহরের নারুলী এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের নারুলী খন্দকারপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর নাম চামেলি খাতুন। স্বামীর নাম রুবেল হোসেন। রুবেলের বাড়ি খন্দকারপাড়ায়। কয়েক বছর ধরে তিনি বগুড়া শহরের রাজাবাজার এলাকায় কুলি হিসেবে কাজ করছিলেন।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, স্থানীয় বাসিন্দা এবং চামেলির স্বজনেরা অভিযোগ করছেন, চামেলিকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।