শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দেওয়ার পর থেকেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
পাশাপাশি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত মঙ্গলবার করার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিক্ষুব্ধ প্রার্থী ও শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় শাবিপ্রবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে মহাসড়ক অবরোধ করেন। এদিন বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মূল সড়কে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এতে সড়কের দুপাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
একই দাবিতে সড়ক অবরোধের আগে এর আগে প্রশাসনিক ভবনে তালা দেন।
বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের ঘটনাস্থলে দেখা গেছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, মঙ্গলবার নির্ধারিত সময়েই ভোট হতে হবে। এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, শাকসু নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। পরে সোমবার শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। দুপুরে এই আদেশ দেওয়া হয়।