সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভার ঘটনায় মোট গ্রেপ্তার ১৮

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২১:০২

সিলেটের পর্যটন এলাকা রাতারগুলের একটি রিসোর্টে সভা করে আলোচিত ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রণয় সরকার জয়কে গ্রেপ্তার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এই ঘটনায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সিলেট থেকে ১৭ জন ও সুনামগঞ্জ থেকে একজনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে  বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে সর্বশেষ জয়কে গ্রেপ্তার করা হয়।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনজুরুল আলম বলেন, রিসোর্টে সভার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলায় এজহার নামীয় আসামি রয়েছেন ২০ জন ও অজ্ঞাত ১৭৫ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ বৃহস্পপতিবার রাতে গ্রেপ্তার জয়ের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ বলেছে, এ ঘটনায় গোয়াইঘাট থানা পুলিশ ১৯০ জনকে আসামি করে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, প্রণয় সরকার জয় খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাংগঠনিক সম্পাদক। পুলিশের দাবি, তিনি সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রনজিতের অনুসারী। 

এদিকে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলের একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এ মামলায় রনজিত সরকারসহ ১৯৫ জনকে আসামি করে গোয়াইঘাট থানায় সন্ত্রাস বিরোধী একটি মামলা করে পুলিশ বাদী হয়ে। শাহপরান থানার একটি মামলার তদন্তে প্রণয় সরকারকে আসামি হিসেবে শনাক্ত করা হয় বলে ভাষ্য পুলিশের।

অন্যদিকে ঘটনার পর রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্ট বন্ধ রয়েছে। গত বুধবার গভীর রাতে রিসোর্টটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় রিসোর্টের দুইকর্মীসহ চারজনকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাছাড়া দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ওই রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে সেখানে উপস্থিত হন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার। তিনি সেখানে আওয়ামী লীগের দলীয় ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। এরপর দ্রুত স্থান ত্যাগ করেন।

পরদিন সোমবার রনজিত সরকার নিজের ফেসবুক ওয়ালে ওই সভার ভিডিও প্রকাশ করেন এবং বিষয়টি আলোচনায় আসে। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, এদিকে রাতারগুলকাণ্ডের পর সিলেট নগরের টিলাগড়ে গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুর হয়।

এ পর্যন্ত গ্রেপ্তাররা হলেন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল (৪০)।

তাছাড়া রিসোর্ট থেকে আটক চারজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের ফারুক আহমদ (৫৯), আলী হোসেন (৩৪) এবং ১৬ বছর বয়সী এক কিশোর। 

ইত্তেফাক/এপি