চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তারা কয়েকজন ক্রিকেটারকে হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠে। সেই তালিকায় ছিলেন সাইফ হাসান। বিষয়টি এতদিন নীরব ছিলেন তিনি। তবে টুর্নামেন্টের শেষ দিকে সাইফ জানালেন, দুর্নীতি দমন বিভাগের আচরণ ‘অসম্মানজনক’ ছিল।
এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন সাইফ হাসান। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাজধানীর দলটি। ব্যাট হাতেও নামের প্রতি সুবিচার করতে পারেননি সাইফ। প্রথম ৮ ম্যাচে ৬০ রান করার পর নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
সোমবার (১৮ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দুর্নীতি দমন বিভাগের আচরণ প্রসঙ্গে সাইফ বলেন, 'প্রথম দুই-তিন ম্যাচে যখন ক্লিক করিনি, ওদের (দুর্নীতি দমন কর্মকর্তারা) কাছে লেগেছে যে, আমার পারফরম্যান্সটা মিলছে না গত বছরের সঙ্গে; মানে গত বছর যেভাবে খেলেছি। ওদের কাছে জিনিসটা স্বাভাবিক লাগেনি। ওরা এসে হুট করে চার্জ করছে। এটা আমার ভালো লাগেনি। ডিস্টার্বড হয়েছি।'
তিনি আরও বলেন, 'আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি। আমার পরিবারের ব্যাকগ্রাউন্ডও ওরকম না। এই জিনিসটা নিয়ে আমি অনেক বিরক্ত হয়েছি অবশ্যই। তবে ম্যানেজমেন্টকে ধন্যবাদ, তারা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে।'
ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে এসেও জেরা করা হয়েছে জানিয়ে সাইফ বলেন, 'ব্যাটিংয়ে নামার আগে জিজ্ঞেস করেনি। তবে তখন আমাদের ড্রেসিংরুমে এসেছিল। ড্রেসিংরুমে এসে জিজ্ঞেস করছে—ব্যাটিংয়ে নামছ নাকি বা এরকম। ব্যাটিংয়ে নামার আগে ড্রেসিংরুমে ছিলাম। তখন এসেছিল, আর তার আগের দিন রুমে এসেছিল।'
ঘটনাটিকে অপমানজনক উল্লেখ করে তিনি বলেন, 'অবশ্যই বিস্ময়কর এই ব্যাপারটা। আমি বিশ্রাম নেব, তখন হুট করে এসেছে। (রাহমানুল্লাহ) গুরবাজ তো ঘুমাচ্ছিল, তখন এসেছে। আগে থেকে তো জানাবে! হুট করে আসা মানে, এটা তো অনেক অসম্মানজনক।'