আইসিসির দেওয়া ২১ জানুয়ারির ডেডলাইন অস্বীকার করলো বিসিবি 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সে বিষয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ সময়সীমা বেধে দিয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

তবে আইসিসিরি সময় বেধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন। বৈঠকে কোনো সময়সীমা বেধে দেওয়া হয়নি বলে জানিয়েছে তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়। বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তরিত আলোচনা হয়।’

তিনি আরও বলেন, ‘উনারা তখন আমাদেরকে বলেন, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে গিয়ে অবহিত করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দেবে। এই ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ বা করে নাগাদ জানাবেন এমন কিছু জানানি। শুধুমাত্র বলেছে আমাদেরকে পরবর্তী তারিখটা করে হবে জানিয়ে দেবে।’