ঠাকুরগাঁওয়ে দুই বাসে সংঘর্ষ নিহত ৮

ঠাকুরগাঁওয়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিন নারী, চালকসহ আট জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৪ জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচাবাড়ী বলাকা উদ্যান এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল এন্টারপ্রাইজ ও দিনাজপুরগামী নিশাত এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। পরে উদ্ধারকর্মীরা যান চলাচল স্বাভাবিক করেন। নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। 

নিহতরা হলেন বাসচালক চায়না (৩৫), ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুর রহমান (৪৫), মোস্তফা (৪৫), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা (৩৫) ও আব্দুল মজিদ (৩৬)।

সদর থানার ওসি আশিকুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ী এলাকায় বিপরীতমুখী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচ জন নিহত ও ২৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো দুজন মারা যান। এছাড়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান। সংঘর্ষের পর দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাস দুটি উদ্ধার করেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের দেখতে গতকাল ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যান জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় আহতদের সুচিকিত্সায় সার্বিক সহায়তার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন তারা।

ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী ও বারবাড়িয়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি ইনসেপ্টা ওষুধ কারখানা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের দুই যুবক নিহত হয়েছেন। এক জনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বালিথা গ্রামের কোরবান আলীর ছেলে ও মানিকগঞ্জ খান বাহাদুর কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. সেলিম। অন্যজন একই গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে গার্মেন্টসকর্মী মো. মাসুদ। আহত শাওন একই গ্রামের কাজীমুদ্দিনের ছেলে। সে বেলীশ্বর মোহিনী মোহন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, নবাবগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মহাদেব (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নবদীপ তালুকদার (৬৫) মারাত্মক আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্রখোলা  বড়ো ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব ঐ এলাকার বেনি মাধবের ছেলে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কাজী নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

চট্টগ্রামে লরির ধাক্কায় যুবক নিহত

চট্টগ্রাম অফিস জানায়, নগরীর পতেঙ্গা এলাকায় কনটেইনার ডিপোতে লরির ধাক্কায় মো. রাসেল নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মধ্যম হালিশহর এলাকার মোজাফফর রহমানের ছেলে।