অবৈধ স্থাপনায় রাজউকের কড়াকড়ি, তেজগাঁও-গুলশানে অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন–৪/২ এর আওতাধীন তেজগাঁও শিল্প এলাকা ও গুলশানে অবৈধ নির্মাণ ও অননুমোদিত ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জোন–৪/২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের প্রথম পর্যায়ে তেজগাঁও শিল্প এলাকার শান্তি নিকেতন, রোড–০২ এ রাস্তার ওপর অবৈধভাবে নির্মিত একটি দেয়াল ভেঙে অপসারণ করা হয়। ফলে দীর্ঘদিন দখল হয়ে থাকা সড়কটি পুনরায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

দ্বিতীয় পর্যায়ে আর এস–৫০৩ ও ৫০৪ নম্বর দাগে একতলা নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা ব্যত্যয় করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার দায়ে মালিক জনাব আবুল কাশেম উৎপলের ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ভবনটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

অপরদিকে, গুলশানের প্লট–৯এ/১, রোড–০৩, ব্লক–SW(G) এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অফিস ব্যবহারের অনুমতি নিয়ে অবৈধভাবে ‘Bugatee Paris’ কফি শপ এবং ‘Cafe Celebrita Restaurant and Bar’ পরিচালনা করায় ভবনটি সিলগালা করা হয়।

অভিযান শেষে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকারের বলেন, নগর পরিকল্পনা ও অনুমোদিত নকশা বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া ভবন ব্যবহার ও নকশা লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

অভিযানে রাজউক জোন–৪/২-এর অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।