বিপিএলের পর এবার কোনো দলকে ‘গোনার ঠাইম নাই’ বললেন সিলেট টাইটান্সের উপদেষ্টা  

বিপিএলকে গোণার টাইম নাই বলে আলোচনার জন্ম দিয়েছিলেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। এবার কোনো দলকে গোনার টাইম নেই বলে মন্তব্য করেছেন তিনি। সেইসঙ্গে বিপিএলের ফাইনালে উঠলে প্লেয়ার সাইনিংয়ে আরও বড় চমক দেখানোর আশ্বাস দিয়েছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা।

প্লে অফ নিশ্চিতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাহিম আল চৌধুরী বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোনো ধরনের দলকে গোনার টাইম নেই। আমরা সিলেটি, আমরা একলাই একশ। সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমরা, আমরা অনেক আবেগী মানুষ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এবার কাপ নিয়ে আমরা সিলেটেই যাবো। ২৩ তারিখে আপনাদের দাওয়াত।’

সিলেট ফাইনালে উঠলে ফ্লাইটে করে সমর্থকদের মিরপুর স্টেডিয়ামে আনা হবে বলে জানান সিলেট টাইটান্সের উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের সঙ্গে কথা বলছি। যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ ফ্লাইট বুকিং করবো। বাস সার্ভিসেও সিলেটবাসীকে নিবো।’

এর আগে বিপিএলে অংশ নিলেও বিপিএলকে গোনার বা গুরুত্ব দেওয়ার সময় নেই বলে জানিয়ে ফাহিম আল চৌধুরী বলেছিলেন, ‘আমি সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএলের কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।’