ডেমরা ও লালবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

ডেমরা ও লালবাগ এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ডেমরার কোনাপাড়া ও লালবাগের শহীদ নগরে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে দুই জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোফাজ্জল হোসেন রিয়াব ও শামীম হোসেন ব্যাপারীকে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। রিয়াব কোনাপাড়া আরাবারি বটতলা এলাকার সালাউদ্দিন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম মো. দিদার হোসেন। তার দাদি সাহিদা বেগম বলেন, সকালে আরাবারি মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিল রিয়াব। মাঠের পাশে একটি দোতলা ভবনে বল গেলে কুড়িয়ে আনতে যায় সে। সেখানেই রিয়াব বিদ্যুত্স্পৃষ্ট হয়।

শামীমের সহকর্মী আমির হোসেন জানিয়েছেন, সকালে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অচেতন হন শামীম। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। শামীরের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টোলারচর গ্রামে। তার বাবার নাম আলী ব্যাপারী। শহীদ নগরের একটি কারখানায় কাজ করতেন শামীম।