গাজীপুরে চক্রাকার বাস সার্ভিস চালু

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কেন্দ্রিক তাকওয়া চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর চান্দনা চৌরাস্তায় পরিবহন শ্রমিক ভবনের সামনে ফিতা কেটে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

তাকওয়া বাস সার্ভিসের চেয়ারম্যান মো. ইমতিয়াজ করিম শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপকমিশনার (ট্রাফিক) মো. আরিফুল হক, উপকমিশনার (ক্রাইম) মো. শরিফুর রহমান, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহামেদ সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, স্বল্প দূরত্বে যাত্রীদের চলাচলের তেমন বাস নেই। এছাড়া মহানগরীর মহাসড়কে অটো চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এজন্য বিকল্প যান হিসেবে তাকওয়া পরিবহনের ৩০টি বাস তাকওয়া চক্রাকার সার্ভিসে যোগ করা হয়েছে। এসব বাস গাজীপুর মহানগরের নাওজোড় থেকে চান্দনা চৌরাস্তা হয়ে সালনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরে আবার চান্দনা চৌরাস্তা হয়ে জয়দেবপুর শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তা হয়ে ভোগড়া বাইপাস পর্যন্ত আবার চান্দনা চৌরাস্তা হয়ে নাওজোড় পর্যন্ত নিয়মিত চলাচল করবে। এ বাস সার্ভিসে অল্প ভাড়ায় যাত্রীরা স্বল্প দূরত্বে যাতায়াত করার সুবিধা পাবেন।স্বল্প-দূরত্বের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ বাস সার্ভিস চালু করা হয়েছে।