কলকাতার বেকার হোস্টেলের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর সম্পর্ক। কলকাতার মৌলানা আজাদ কলেজ (তখন ইসলামিয়া কলেজ) পড়তে এসে এখানেই থাকতেন বঙ্গবন্ধু। সেই হোস্টেলের স্মৃতিকক্ষের সামনে বসছে তার একটি নতুন ভাস্কর্য। ২০১১ সালে এখানে একটি ভাস্কর্য স্থাপিত হয়েছিল। সেটি যথাযথ না হওয়ায় সেটি প্রতিস্থাপন করা হচ্ছে। নতুন ভাস্কর্যটি তৈরি করেছেন ঢাকার শিল্পী লিটন পাল রনি।
আজ শনিবার সকালে বেকার হোস্টেলে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেকার হোস্টেলের স্মৃতিবাহী কক্ষের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উন্মোচন করবেন বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম।
কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় বঙ্গবন্ধু হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে গড়া হয় বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ। সেই কক্ষে রাখা রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহূত বিভিন্ন সামগ্রী। ৩৬ ইঞ্চি উচ্চতা এবং ২৮ ইঞ্চি প্রস্থের ১৭০ কেজি ওজনের নতুন হালকা ধূসর ভাস্কর্যটি তৈরিতে ব্যবহূত হয়েছে সিমেন্ট কাস্টিং। স্থপতি লিটন পাল রনি। আরেক শিল্প নির্দেশক মো. আকতারুজ্জামান।