মশা দমন কার্যক্রম মনিটরিং দুই সিটিতে উপসচিব পর্যায়ের ১৫৪ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার উত্সস্থল ধ্বংসের কার্যক্রম মনিটর করার জন্য রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৫৪টি ওয়ার্ডে উপসচিব অথবা সিনিয়র সচিব পর্যায়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। গতকাল শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু ও অন্যান্য সমসাময়িক বিষয় সংক্রান্ত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ডেঙ্গু বিরোধী অভিযান জোরদার করতে ঢাকার দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব সাজ্জাদুল হাসান। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, তথ্য সচিব আব্দুল মালেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তাবিষয়ক সচিব মোস্তফা কামাল উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এইচ টি ইমাম বলেন, সুশাসন নিশ্চিত করতে তাদের কঠোর হস্তে দমন করা হবে। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে যারা হীন উদ্দেশ্যে অপপ্রচার করছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এইচ টি ইমাম সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি, মশার বিরুদ্ধেও বিজয়ী হব।’ সভায় আসন্ন ঈদের সময়ে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা সম্পর্কিত ইস্যু এবং জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় স্বাস্থ্যকর পরিবেশে কোরবানির পশু জবাই করার বিষয় নিয়েও আলোচনা করা হয়।