নিরাপত্তা শঙ্কায় নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি তা প্রত্যাখান করে। তবে নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি। এ দিকে ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা মানতে নারাজ দেশটির সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও পর্যন্ত ভারতেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকতে পারলে, বাংলাদেশের ক্রিকেটাররা কেন পারবেন না- এমন প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘এটি (ভারতে না যাওয়ার সিদ্ধান্ত) বোর্ড (বিসিবি) থেকে আসেনি। যদি আপনি সংবাদ সম্মেলন দেখেন, ক্রীড়ামন্ত্রী (মূলত উপদেষ্টা) গণমাধ্যমের সামনে বলছেন– এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু বোর্ড সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) তার পাশে দাঁড়ানো। সাধারণত অন্য দেশে ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত বডি এবং রাজনৈতিক ও মন্ত্রণালয়ের সম্পৃক্ততা কেবল কিছু ইভেন্ট আয়োজনের সময় দেখা যায়।’
শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের দেশে (বাংলাদেশ) রাজনীতি এখন দৃশ্যপটে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে জোরালোভাবে জড়িয়ে গেছে। সেখান থেকেই সিদ্ধান্তও এসেছে। যদি নিরাপত্তার প্রশ্ন তোলা হয়, তাহলে সেখানে আন্দোলনের মুখে শেখ হাসিনা আমাদের দেশে চলে এসেছেন এবং নিরাপদেও আছেন, তাই না? আমাদের কেন্দ্রীয় সরকার তাকে ভালো নিরাপত্তা এবং আশ্রয় দিচ্ছে। যদি একটি দেশের (সাবেক) প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারে, তাহলে ক্রিকেটাররা নিশ্চিতভাবে নিরাপত্তা পাবে।’
বিশ্বকাপ খেলতে না পারলে বাংলাদেশের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে মনোজ তিওয়ারি বলেন, ‘এটি ক্রিকেটারদেরই ক্ষতি। সকল বাংলাদেশি ক্রিকেটারই দেশের হয়ে সবসময় খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্মের স্বপ্ন দেখে, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে। কিন্তু এখন খেলোয়াড়রা কী করবে? এটি তাদের হাতে নেই এবং আইসিসির নির্দেশনাও খুব সহজ– “হয় তুমি খেলবে অথবা সরে যাবে”। কেন বিসিবি এই সিদ্ধান্ত নিলো, আইসিসি চেয়ারম্যান এবং আইসিসি যেখানে অনেক শক্তিশালী? আমরা জানি এই সিদ্ধান্ত বোর্ড নেয়নি, তাদের ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে।’
গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।