বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে শরীফুলের সাধুবাদ 

নিরাপত্তা শঙ্কায় নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি তা প্রত্যাখান করে। তবে নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) পর্দা নেমেছে বিপিএলের দ্বাদশ আসরের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রামের হয়ে পুরো টুর্নামেন্টে ২৬ উইকেট শিকার করেছেন শরীফুল। 

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমখি হন হয়ে বিশ্বকাপ প্রসঙ্গে এই পেসার বলেন, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করবো। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারি।’

বিশ্বকাপ খেলার সুযোগ হারালেও বিসিবির সিদ্ধান্তে খুশি থাকবে শরীফুল। তিনি বলেন, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।’