গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আরিয়ান (৭) নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিয়ান ওই গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আরিয়ানের বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর তার মা অন্যত্র বিয়ে করলে আরিয়ান বাবার সঙ্গেই বসবাস করত। পরবর্তীতে সেলিম মিয়া সুনামগঞ্জ জেলার বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন।
শনিবার কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে সেলিম মিয়া ঘরে ঢুকে ছেলেকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্ধ্যার পর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা শিশুটির মৃত্যুকে সন্দেহজনক বলে মনে করেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি মো. জাকির হোসেন বলেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।