নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া রোড এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে গড়ে ওঠা ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজউক জোন–৩/২-এর আওতাধীন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নকশা বহির্ভূতভাবে নির্মিত একাধিক ভবনের অবৈধ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এ সময় একটি ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, রাজউকের উচ্ছেদ অভিযান নিয়মিত ও চলমান থাকবে। অনুমোদিত নকশা লঙ্ঘন করে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নকশা বহির্ভূত ভবন নগর সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

এ সময় সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) গ্রহণ করা হয়। ভবিষ্যতে রাজউকের অনুমোদন ছাড়া বা নির্ধারিত নকশার বাইরে কোনো নির্মাণ কার্যক্রম গ্রহণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

অভিযানে রাজউক জোন–৩/২-এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সারিয়ার ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মো. জয়নাল আবেদীন পিন্টুসহ সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক ও রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।