ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ ডেঙ্গু রোগী শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শনিবার পর্যন্ত ৫০ জন রোগীর শরীরে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর অসুস্থ হওয়ায় চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্তদের বেশির ভাগ ঢাকা থেকে আসা। 

জেলা সিভিলি সার্জন অফিস সূত্রে তথ্য গুলো জানা যায়। এদিকে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের কিট সরবরাহ করা হয়েছে। তবে ফলোআপ পরীক্ষার জন্যে যে উপকরণ (ওয়ান জি এম এবং ওয়ান জি জি) এখনও সরবরাহ করা হয়নি। 

জানা গেছে, জেলা সদর হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন। 

জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক মো. শওকত হোসেন জানান, চারজনকে এ পর্যন্ত  ঢাকায় পাঠিয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। ফলোআপের পর অবস্থা খারাপ দেখলে ঢাকায় পাঠানো হচ্ছে। 

সিভিল সার্জন মো. শাহআলম জানান, বৃহস্পতিবার তারা ১২০টি কিট পেয়েছেন। এর মধ্যে ৮০টি জেলা সদর হাসপাতালে দিয়েছেন। বাকি ৪০টি সংরক্ষণ করা হয়েছে। 

আরও পড়ুন: ৪৮ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে দৃশ্যমান উন্নয়ন নেই

জেলা সদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, রোগী শনাক্ত এবং ফলোআপ পরীক্ষায় ব্যবহৃত সিবিসি তাদের কাছে আগে থেকেই ছিলো। এনএস ওয়ান-ও সরবরাহ পেয়েছেন। সরবরাহ নেই শুধু ওয়ান জি এম এবং ওয়ান জি জি। আক্রান্ত রোগীর ৫/৬ দিন পর পরীক্ষার জন্যে দরকার হয় এই উপকরণের।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় ও মূল্য তালিকা না টানানোর অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ইত্তেফাক/অনি