মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতা অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকালে মহারাষ্ট্রের পুনে জেলায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ মোট পাঁচজন নিহত হন। ঘটনার পরপরই মহারাষ্ট্র সরকার উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মহারাষ্ট্রের উন্নয়নে, বিশেষ করে সমবায় খাতে অজিত পাওয়ারের অবদান ছিল অসামান্য। তার মৃত্যু রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ রাষ্ট্রপতি নিহত নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকবার্তায় বলেন, ‘অজিত পাওয়ার ছিলেন জনমানুষের নেতা, যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীর সংযোগ বজায় রেখেছিলেন।’
তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্রের জনগণের সেবায় তিনি ছিলেন এক পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তিত্ব। প্রশাসনিক বিষয়ে তাঁর গভীর জ্ঞান এবং দরিদ্র ও নিপীড়িত মানুষের ক্ষমতায়নের প্রতি তার আগ্রহ প্রশংসনীয়। তার অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের এনডিএ জোটের জ্যেষ্ঠ সহকর্মী অজিত পাওয়ারের মৃত্যু সংবাদ আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’
তিনি জানান, সাড়ে তিন দশকের বেশি সময় ধরে অজিত পাওয়ার মহারাষ্ট্রের সমাজের সব স্তরের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন। শাহ নিহত নেতার পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘উড়োজাহাজ দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তার সহযাত্রীদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে আমি মহারাষ্ট্রের মানুষের পাশে আছি।’ তিনি পুরো পাওয়ার পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক জানান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ‘অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। এই ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।’
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, ‘জনসেবায় নিবেদিত একজন নেতাকে আজ আমরা হারালাম। এই শোকের সময়ে পুরো এনডিএ পরিবার পাওয়ার পরিবারের পাশে রয়েছে।’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘অজিত পাওয়ার ছিলেন একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং প্রভাবশালী রাজনীতিবিদ। তার অবদান মহারাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি নিহত নেতার পরিবার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।