খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।
যুক্তরাষ্ট্রের একটি আদালতে পান্নুনের করা দেওয়ানি মামলায় অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দিল্লির আদালতের মাধ্যমে তাঁদের কাছে এই সমন পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, ভারত এ ধরনের ভিত্তিহীন মামলা প্রত্যাখ্যান করে এবং এগুলো মানে না। শুরু থেকেই নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুন ভারতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনি পরামর্শক। নিজের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষতিপূরণ চেয়ে তিনি যুক্তরাষ্ট্রের আদালতে এই দেওয়ানি মামলা করেছেন।
পান্নুনের দাবি, ‘র’-এর সংশ্লিষ্টতায় তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন অজিত দোভাল। সম্প্রতি তিনি আরও দাবি করেন, তার জীবনের ওপর নতুন হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তাঁকে সতর্ক করেছে। উল্লেখ্য, পান্নুন ভারতের তদন্তকারী সংস্থাগুলোর কাছে বিভিন্ন সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত এবং ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।
পান্নুনের দায়ের করা এই দেওয়ানি মামলাটি একই মার্কিন আদালতে বিচারাধীন আরেকটি ফৌজদারি মামলা থেকে সম্পূর্ণ আলাদা।
ফৌজদারি মামলা: ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত ও সাবেক ‘র’ কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য অর্থের বিনিময়ে লোক নিয়োগের ষড়যন্ত্রের অভিযোগে চলা মামলাটিতে বাদী পক্ষ স্বয়ং যুক্তরাষ্ট্র সরকার। ওই মামলায় নিখিল গুপ্তের জন্য ২৪ বছরের কারাদণ্ড চেয়েছে মার্কিন সরকার।
দেওয়ানি মামলা: অন্যদিকে, অজিত দোভাল ও সামন্ত গোয়েলের বিরুদ্ধে পান্নুনের করা দেওয়ানি মামলায় মার্কিন সরকার কোনো পক্ষ নয়। এটি পান্নুনের ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা মামলা, যেখানে মূলত হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, দ্য হিন্দু
