লিগের শুরু নিয়ে ক্লপের অসন্তোষ

কোন লিগ কবে শুরু

ইংলিশ প্রিমিয়ার লিগ         ৯ আগস্ট

লিগ ওয়ান (ফরাসি লিগ) ১০ আগস্ট

লা লিগা                       ১৬ আগস্ট

বুন্দেসলিগা                   ১৬ আগস

সিরি’আ                       ২৪ আগস্ট্ব 

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগ আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। অন্যান্য লিগের চেয়ে অন্তত এক সপ্তাহ আগে শুরু হবার কারণে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইউরোপসেরা লিভারপুল ঘরোয়া শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন শুরু করবে আগামী শুক্রবার। নরউইচ সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে আজ কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়ে নিজেদের ‘প্রকৃত মৌসুম’-এর সূচনা করবে অল রেডরা।

ইংলিশ ফুটবলে বাড়তি একটা টুর্নামেন্ট (ইএফএল কাপ) খেলার কারণে স্বাভাবিকভাবেই কিছুটা বাড়তি সময় নিতে হয় লিগকে। পাশাপাশি ফিফার আন্তর্জাতিক ফুটবলের বিরতি, উয়েফার বিভিন্ন তারিখ এবং এফএ কাপের সূচির সঙ্গে মানিয়ে নিতেই প্রিমিয়ার লিগের উদ্বোধনী রাউন্ডকে কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়। তারপরও ক্লপের অভিযোগ, প্রয়োজনের চেয়ে একটু আগেই শুরু করা হয় প্রিমিয়ার লিগ। তিনি বলেন, ‘আমি কার্লো অ্যানচেলত্তির (ন্যাপোলি কোচ) সঙ্গে কথা বলেছি। ইতালিতেও আমাদেরই মতো ২০ দল খেলে এবং লিগ শুরু হবে ২৪ আগস্ট। কালিদু কৌলিবালি আফ্রিকান নেশন্স কাপে সাদিও মানের সঙ্গেই খেলেছে। চার সপ্তাহের ছুটি পেয়েছে সে এবং এত তাড়াতাড়ি ফিরবেও না সে।’

ক্লপ জানান, অন্যান্য লিগের আগেই লিগ শুরু করার কারণটা এখনো তার বোধগম্য নয়। তিনি বলেন, ‘আমি জানি না কেন এত আগে লিগ শুরু করতে হবে আমাদের। প্রিমিয়ার লিগ দারুণ একটা পণ্য কিন্তু এভাবে লিগ শুরু করার কোনো মানে হয় না।’

সম্প্রতি ফিফপ্রো ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে টানা খেলার বিরূপ প্রভাব নিয়েও আলোচনা করেছে তারা। এবার ক্লপও এরই সঙ্গে সুর মেলালেন, ‘আমি ফুটবল ভালোবাসি। সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে মনে হয় আমরা প্রতি সপ্তাহেই খেলতে পারি কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে কারো তো ভাবতে হবে? কিন্তু কেউই এই কাজটা করছে না।’

ক্লপ আরো বলেন, ‘বিভিন্ন সময়ে আমি এ নিয়ে কথা বলতে চাই কিন্তু লোকে ভেবে বসে, আমি অজুহাত দাঁড় করাতে চাইছি। আমি কখনোই একে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাইনি। আর এটা আমার নিজের জন্যেও নয়। কিন্তু আমাদের এসব নিয়ে ভাবতে হবে যেসব নিয়ে কেউই ভাবে না, বিশেষত ইংল্যান্ডে।’