সান্ত্বনার জয়ের খোঁজে ইমার্জিং নারী দল

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে সিরিজটা জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বড় হতাশায় পুড়িয়েছে বাংলাদেশের ইমার্জিং নারী ক্রিকেট দল। তবে টি-২০ সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। তিন ম্যাচের টি-২০ সিরিজে ২-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। সফরে বাংলাদেশের এটিই শেষ ম্যাচ। প্রিটোরিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইতোমধ্যে সিরিজ হেরে যাওয়া বাংলাদেশের মেয়েদের জন্য আজকের ম্যাচটি মর্যাদার লড়াই। ওয়ানডে সিরিজ জয় ও দক্ষিণ আফ্রিকা সফরকে সফলতার চাদরে ঢেকে দিতে সহায়ক হবে আজকের জয় এবং সিরিজ হারলেও শেষ ম্যাচের জয় হতে পারে নিগার সুলতানার দলের জন্য বড় সান্ত্বনা।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫ রানে, দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে সফরকারী বাংলাদেশকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ২-১ এ হারিয়েছিল বাংলাদেশ নারী দল।