বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় একটি সরকারি কোয়ার্টারে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে ডিবি সদস্যরা অভিযান চালাচ্ছেন।
এ বিষয়ে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের একটি অভিযান চলছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাবে না। পরে জানানো হবে।’
এর আগে গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়।
পরে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, সাইবার হামলার মাধ্যমে অননুমোদিতভাবে পোস্টটি প্রকাশ করা হয়েছে এবং দলটির আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।