তারুণ্যের প্রথম ভোট হোক মুক্তিযুদ্ধের পক্ষে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচনে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিগত ১০ বছরে স্বাস্থ্যখাতে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। এ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমি বিশ্বাস করি, স্বাস্থ্যখাতের এই অভূতপূর্ব সাফল্যের কারণে শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে পুনঃনির্বাচিত করবে জনগণ। স্বাস্থ্যখাতের সাফল্য তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।  তারুণ্যের প্রথম ভোট হোক মুক্তিযুদ্ধের পক্ষে।’

গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের ১০ বছরে স্বাস্থ্যখাতে অর্জন তুলে ধরে ‘সাফল্যের জোয়ারে বাংলাদেশের স্বাস্থ্য, বিশ্বের বিস্ময়’ শীর্ষক বইয়ের মোড়ক   উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নোবেল লরিযেট ড. অমর্ত্য সেন ‘ল্যানেসট’ জার্নালে ২০১৩ সালের ২১ নভেম্বর লিখেছিলেন ‘যারা স্বাধীনতার পর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিলেন তারা ভাবতেও পারেননি এই বাংলাদেশ একদিন ঝুড়ি থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাবে। যে দেশ কয়েক দশক আগে অতি দরিদ্র ছিল, তারা স্বাস্থ্যখাতসহ কয়েকটি সামাজিক সূচকে কীভাবে বিস্ময়কর অগ্রগতি অর্জন করলো তা ভেবে দেখা খুবই দরকার।’ 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারোয়ার, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালামসহ মন্ত্রণালয়, অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের দিন

এদিকে গতকাল বিকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ‘বিজয় মঞ্চের গান’র উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ের দিন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের দিন। বিজয়ের মাসের নির্বাচনে দেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে আবারও বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কখনো পরাজয় হতে পারে না। তাই আমরা আশা করি বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয় লাভ করবে।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান তরুণ প্রজন্মকে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। ‘বিজয় মঞ্চের গান’র আহ্বায়ক অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।