ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছেন ৫০ হাজার পুলিশ সদস্য

ইত্তেফাক রিপোর্ট

এডিস মশা প্রতিরোধে এবং জনসচেতনতা সৃষ্টি করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০ হাজার সদস্যকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল রাজারবাগ পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ নির্দেশনার কথা বলেন। তিসি ডেঙ্গু প্রতিরোধে মহানগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

কমিশনার আরো বলেন, পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই এডিস মশার লার্ভা নিধনে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ডিএমপির সব ডিসি অফিস, থানা, ফাঁড়ি, কন্ট্রোলরুম, রাজারবাগ মেস ও ডাইনিংয়ে পরিষ্কার-পরিছন্নতা অভিযান চালানো হয়েছে। ওষুধ ছিটিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা হয়েছে। কমিশনার বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে।’