এপস্টেইন কেলেঙ্কারি  

‘প্রতিটি মুহূর্তের’ জন্য অনুতপ্ত বিল গেটস চাইলেন ক্ষমা

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় শুরু হয়েছে। 

এপস্টেইনের ফাইলসে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে নাম নিয়েও কম জল্পনা চলছে না। প্রতিনিয়ত খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন বিল গেটস। 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিল গেটস কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্ত’ নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি।

তিনি আরও বলেছেন, ওই ই–মেইল কখনো পাঠানো হয়নি। ওই ই–মেইল মিথ্যা। আমি জানি না, তিনি সেখানে কী ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন?

নাইন নিউজকে বিল গেটসকে বলেন, ২০১১ সালে তিনি এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন। এ ছাড়া পরবর্তী তিন বছরে এপস্টেইনের সঙ্গে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো সম্পর্কও ছিল না বলে দাবি বিল গেটসের।  

তবে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গুরুতর দাবি করেছেন। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার এখনো অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে।  

গত ৩০ জানুয়ারি মার্কিন বিচারবিভাগ নতুন করে লাখ লাখ নথি প্রকাশ করলে সেখানে পাওয়া একটি খসড়া ই–মেইলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন।   

এপস্টেইন লিখেছেন, বিল গেটসকে মাদক পেতে, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা করেছেন তিনি। 

তবে বরাবরই এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন বিল গেটস।