জুলাই মাস এমপিও-র মাস। জুলাই নতুন অর্থবছরের প্রথম মাস। জুলাই মাসেই ইনক্রিমেন্টের ৫% যুক্ত হবে। জুলাই মাসের টাকা পাওয়ার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন। ৯ ও ১০ আগস্ট শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ। ১২ আগস্ট ঈদুল আজহা। দেশে চলছে বন্যা, সঙ্গে ডেঙ্গুর প্রকোপ। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। আমাদের অনেকে দুর্গত, কেউবা ডেঙ্গু আক্রান্ত। এমপিওভুক্ত শিক্ষকগণ ২৫% এবং কর্মচারীগণ ৫০% উত্সবভাতা পান। সম্প্রতি অবসর ও কল্যাণ সুবিধা বাবদ ১০% কর্তন করা হচ্ছে, যা আগে ছিল ৬%। আয়করের বোঝা, ঈদ, বন্যা, ডেঙ্গু ও বাজারমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল সামলে আমরা এমপিওভুক্তগণ দারুণ কায়ক্লেশে দিন পার করছি। কাজেই, আগের নিয়মে ৬% কর্তনের ব্যবস্থা করা হলে আমরা এমপিওভুক্তগণ খুবই উপকৃত হব। আমরা যেন পবিত্র ঈদুল আজহা স্বচ্ছন্দে উদ্যাপন করতে পারি সেজন্য জুলাই ২০১৯ এমপিও এবং উত্সবভাতা শীঘ্র ছাড় করা জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার আন্তরিকতা কামনা করি।
মো. আলী এরশাদ হোসেন আজাদ
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর ১৭৩০