রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকবে এবং পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।