আকুয়া জুবিলী কোয়ার্টার মশার নিরাপদ খামার

সারা ময়ময়সিংহ সিটির দশা এরকমই। তাই ঢাকার ডেঙ্গু মশারা গাইছে—‘চল যাই মোমেনসিং, নাচি তাধিন ধিন’। আকুয়া জুবিলী কোয়ার্টার থেকে চৌরঙ্গীর মোড় পর্যন্ত পথের দুই ধারে ড্রেনে সারা বছর পানি জমে থাকে। চৌরঙ্গী মোড় পুলের কাছে সারা বছর ময়লা-আবর্জনার বিশাল স্তূপ জমে থাকে খালের ভেতরে। আর জুবিলী কোয়ার্টার ও সরদার বাড়ির মধ্যেকার ড্রেন যে কখন পরিষ্কার হয় তা কেউ জানে না। সেখানে পানি ও অন্যান্য ময়লা জমে ভয়াবহ আকার ধারণ করে। এটি সারা ময়মনসিংহ সিটির সাধারণ দৃশ্য। তবে এতে শুধু সিটি করপোরেশনের কর্মচারীদের দোষ দিলে হবে না। ময়মনসিংহ শহরের উন্নাসিক নাগরিকগণ তাদের বাসার যত ময়লা, পলিথিন, তরকারির খোসা ও পরিত্যক্ত অংশ, বাতিল কাগজ, ছেঁড়া কাপড় ইত্যাদি ড্রেনেই ফেলেন নিয়মিত। সেক্ষেত্রে এলাকার বাসিন্দারা উদ্যোগী না হলে শুধু সিটি করপোরেশন এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারবে না। এই পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শহরবাসীকে নিয়ে নিয়মিত বিপুল তত্পরতা চালাতে হয়। তাহলে এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটবে।

শামসুল ফয়েজ

এস আর লজ, ৪ জুবিলী কোয়ার্টার,

আকুয়া, ময়মনসিংহ