কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন বাংলাদেশ গড়া-ই আমাদের লক্ষ্য যেখানে ধর্ম বা জাতি নির্বিশেষে সবাই এক পরিচয়ে মিলিত—সকলেই বাংলাদেশি। তিনি বলেন, বিএনপি কখনো ধর্ম বা জাতিগত বিভাজনের রাজনীতি করে নি এবং ভবিষ্যতেও করবে না। বিএনপির এই নীতি দলের রাজনৈতিক স্বীকৃতি ও ম্যানিফেস্টোর অংশ।
তিনি আরও বলেন, অন্যদিকে জামায়াত ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এ ধরনের প্রতিশ্রুতিতে তাদের জান্নাতের অবস্থান কোথায়?’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা চত্বরের মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় সালাহউদ্দিন এই বক্তব্য রাখেন। সভায় অর্ধলাখেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সালাহউদ্দিন আরও বলেন, জামায়াত দেশীয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে উপেক্ষা করে তারা নতুন নাম ঘোষণা করছে যা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে।
শিক্ষা নিয়ে সালাহউদ্দিন বলেন, শুধু বইতে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের পছন্দের ক্ষেত্রে কারিগরি ও কর্মমুখী দক্ষতা অর্জনে সক্ষম করা হবে।
কৃষি ও অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজারে প্রচুর পণ্য উৎপাদন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় চাষীরা হতাশ। উদাহরণ দেন, ঢাকায় লবণ কেজি ৪০ টাকায় বিক্রি হলেও উৎপাদকদের হাতে তা পৌঁছায় মাত্র ১০ টাকা। তিনি বললেন, বিএনপি সব উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করবে।
পর্যটন উন্নয়নের ক্ষেত্রে সালাহউদ্দিন জানান, কক্সবাজারকে বিশ্বের সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং মাতারবাড়ি সমুদ্রবন্দর অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উন্নীত হবে। এছাড়া বিজয়ী হলে লুৎফুর রহমান কাজল এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।
তিনি জনগণকে ভোট দিয়ে দেশের স্বনির্ভরতা ও উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।
এর আগে চকরিয়ার মালুমঘাট এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত নির্বাচনি পথসভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ।