প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল!
স্টাফ রিপোর্টার, বগুড়া
বন্যার পানি নেমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হলেও বগুড়ায় প্রায় ৩ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু জেলায় প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ বরাদ্দ পাওয়া গেছে সে অনুযায়ী জনপ্রতি তিন কেজি করে চাল এবং নগদ সাড়ে ৪ টাকা করে পাবেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে যমুনা ও বাঙ্গালী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়। জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, গাবতলী ও শেরপুর উপজেলার ২৮৩ গ্রাম প্লাবিত হয়েছে।
সরকারি হিসেবে, জেলায় বন্যাদুর্গতের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৪৪৪ জন। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৬৯ হাজার ৭৬৪টি। দুর্গতদের সহায়তার জন্য এ পর্যন্ত ত্রাণ বরাদ্দ মিলেছে ৯২২ দশমিক ৫ মেট্রিক টন চাল এবং নগদ ১৩ লাখ ২৫ হাজার টাকা। সে হিসেবে মাথাপিছু বরাদ্দ মিলেছে ৩ দশমিক ১৮ কেজি চাল এবং নগদ ৪ টাকা ৫৭ পয়সা। এর বাইরে ৩ হাজার প্যাকেট শুকনা খাবার এবং ৩০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মণ্ডল বলেন, বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে এককালীন ১৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ৬৯ হাজার ৭৬৪ পরিবারের জন্য ১ হাজার ৪৭ মেট্রিক টন চাল দরকার। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ মিলেছে ৯৭৭ মেট্রিক টন ৫০০ কেজি। সব পরিবারের কাছে ত্রাণ পৌঁছাতে আরো ১২৪ মেট্রিক টন চাল প্রয়োজন। অবশিষ্ট চাল দুই একদিনের মধ্যে বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।