বাংলাদেশ ব্যাংক ঘোষিত নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবাহে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সঙ্কুচিত হওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অন্যদিকে সরকারি খাতের ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা বাড়ানোর ফলেও বেসরকারি খাতে চাপ তৈরি হতে পারে বলে মনে করছে সংগঠনটি। ঘোষিত মুদ্রানীতির ওপর গতকাল শনিবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, মুদ্রানীতির ফলে উত্পাদনশীল খাত বিশেষত ক্ষুদ্র ও মাঝারি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।
এফবিসিসিআই বলছে, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। সহজলভ্য ঋণ প্রবাহ ছাড়া কাঙ্ক্ষিত বিনিয়োগ ও শিল্পায়ন সম্ভব নয়। এ পরিস্থিতিতে বেসরকারি খাতের জন্য ঋণের উচ্চতর প্রবৃদ্ধি সংকুলানের সুযোগ রাখা প্রয়োজন। আর উচ্চতর প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যবসাবান্ধব মুদ্রানীতি ও ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ব্যাংকের সুদের হার এক অংকে না নামায় এফবিসিসিআইর পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল ব্যাংকে ঋণের সুদের হার এক অংকে (সিঙ্গেল ডিজিট) নামিয়ে আনার কথা বলা হলেও প্রায় সকল বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি। অন্যদিকে খেলাপি ঋণের বোঝাও বিনিয়োগের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করছে। খেলাপি ঋণ কমাতে ব্যাংকিং ব্যবস্থাকে আরো দক্ষ ও ঝুঁকি ব্যবস্থাপনাকে আরো জোরদার করার দাবি জানিয়েছে এফবিসিসিআই।