ভেনিজুয়েলাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চান ট্রাম্প

ভেনিজুয়েলাকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, ভেনিজুয়েলার মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করতে চান তিনি। এজন্য চূড়ান্ত পর্যায়ের চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটিকে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়টি তার বিবেচনায় রয়েছে। খবর রয়টার্সের

ঠিক কখন বা কীভাবে ভেনিজুয়েলাকে চারদিক থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রে ভেনিজুয়েলাবিষয়ক প্রতিনিধি এলিয়ট আব্রামস জানান, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাপ বাড়ানোর নীতি অব্যাহত রাখবে হোয়াইট হাউজ। এদিকে ভেনিজুয়েলায় মার্কিন নৌবাহিনী অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ক্ষমতাসীন দল ভেনিজুয়েলান সোশ্যালিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট দিওসদাদো ক্যাবেলো। গত ২৭ জুলাই এক অনুষ্ঠানে নিজের এমন আশঙ্কার কথা জানান তিনি। এমন সময়ে দিওসদাদো ক্যাবেলো এ আশঙ্কার কথা জানালেন যার মাত্র এক সপ্তাহ আগেই মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমানের সঙ্গে ভেনিজুয়েলার একটি যুদ্ধবিমানের ধাওয়া-পালটা ধাওয়া হয়।