মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় একটি পিকআপের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাসের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক সুজন (৩৭) যশোরের কতুয়ালী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সহকারী হেলপার ইছারুল (৩০) খুলনার ডুমুরিয়া গ্রামের জীবনের ছেলে। ইছারুল বর্তমানে যশোরে বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে যশোর থেকে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ঢাকা যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি দ্রুত ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি সাইড লেইনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে পিকআপ চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসাঁড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি এখনও শনাক্ত হয়নি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।